© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

শেয়ার করুন:
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ পিএম | ০১ জুলাই, ২০২৬
আজ বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে তার জনপ্রিয় ১২টি গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। এতে সৈয়দ আব্দুল হাদীর গান নতুনভাবে পরিবেশন করেছেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক।



দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে সানজিদা রহমানের উপস্থাপনায় বিশেষ ‘তারকা কথন’। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে আড্ডায় অংশ নেবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। সেখানে উঠে আসবে তার জীবনের নানা অজানা গল্প ও সংগীতযাত্রার স্মৃতি।

বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। এতে নিজের শৈশব, সংগীতজীবনের শুরু, বাংলাদেশের সংগীতের বিবর্তন এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন এই কিংবদন্তি।

ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন সৈয়দ আব্দুল হাদীর বাবা। তার গ্রামোফোনে গান শুনেই ছোটবেলায় সংগীতের প্রতি আগ্রহ জন্মায় হাদীর। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গানকে আপন করে নেন তিনি।

ছাত্রজীবনেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন।


১৯৬৪ সালে ‘ডাকবাবু’ সিনেমায় পূর্ণাঙ্গ প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু হয় তার। এরপর বাংলা চলচ্চিত্রে উপহার দেন একের পর এক কালজয়ী গান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’, ‘এমনও তো প্রেম হয়’, **‘আমি তোমারই প্রেম ভিখারী’**সহ অসংখ্য গান।

সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সৈয়দ আব্দুল হাদী। ২০০০ সালে তিনি পান রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।

এসএন 

মন্তব্য করুন