‘শিল্পীও মানুষ’, ‘মেঘ’ বিতর্কে অর্ণবকে ঘিরে সমালোচনায় মুখ খুললেন স্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ০২ জুলাই, ২০২৬
‘কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘মেঘ’ প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেক শ্রোতা গানটির সমালোচনা করলেও এই পরিস্থিতিতে অর্ণবের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়েক।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে সুনিধি বলেন, একজন শিল্পীর প্রতিটি সৃষ্টি সবার ভালো লাগবে, এমন কোনো নিয়ম নেই। কোনো গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়, আবার কোনো গান প্রত্যাশা পূরণ করতে পারে না। এটি শিল্পচর্চারই স্বাভাবিক অংশ। তাই কাজের সমালোচনা করা যেতে পারে, তবে শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করা উচিত নয়।
অর্ণবের দীর্ঘ সংগীতজীবনের নানা অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বিশেষ করে অর্ণবের কণ্ঠে জনপ্রিয় হওয়া রবীন্দ্রসংগীত যেমন ‘নয়ন তোমারে পায় না দেখিতে’, ‘আধেক ঘুমে’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কান পেতে রই’ ও ‘মেঘ বলেছে যাব যাব’-এর কথা উল্লেখ করেন সুনিধি। তার ভাষায়, এমন অসংখ্য গান রয়েছে, যা বহু মানুষের জীবনের নানা মুহূর্তের সঙ্গী হয়ে আছে।

সুনিধি আরও লেখেন, একজন শিল্পী শুধু তার সফল কাজ দিয়েই নয়, ব্যর্থতা নিয়েও এগিয়ে যান। প্রতিটি অপছন্দের কাজের জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে অপমান বা বিদ্রূপ করা হয়, তাহলে নতুন কিছু সৃষ্টি করার সাহস হারিয়ে ফেলতে পারেন তিনি। এরপর যখন সেই শিল্পী নীরব হয়ে যাবেন, তখন আবার মানুষই প্রশ্ন তুলবে, তিনি হারিয়ে গেলেন কেন।
পোস্টের শেষ অংশে তিনি বলেন, সমালোচনা অবশ্যই করা উচিত, তবে সম্মান বজায় রেখেই। কারণ একজন শিল্পী কোনো দেবতা নন, তিনি একজন মানুষ। তারও অনুভূতি, কষ্ট এবং ভালোবাসা দিয়ে নতুন কিছু সৃষ্টি করে যাওয়ার স্বপ্ন রয়েছে।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে গানের সূত্রেই পরিচয় হয় অর্ণবের। ২০২০ সালে তারা বিয়ে করেন। এরপর থেকে বাংলাদেশেও নিয়মিত সংগীতচর্চা করে যাচ্ছেন সুনিধি।
এসএন