© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গীতিকার মিল্টন খন্দকার

শেয়ার করুন:
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গীতিকার মিল্টন খন্দকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ০৫ জুলাই, ২০২৬
ক্ষতিগ্রস্ত টিস্যুর স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতে স্টেমসেল অপারেশনের পর প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার (প্রকৃত নাম রাশেদুল হক)। টানা চারদিন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন গুণী এ ব্যক্তিত্ব।

দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের জটিল সমস্যায় ভুগছিলেন এই গুণী গীতিকার। চিকিৎসার অংশ হিসেবে গত ২৯ জুন রাজধানীর আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন সম্পন্ন হয়।
 
শারীরিক অসুস্থতা প্রসঙ্গে মিল্টন বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধ ও কোমরে ব্যথায় ভুগছিলাম। মেরুদণ্ডেও তীব্র সমস্যা ছিল। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হই।

শনিবার (৪ জুলাই) বাড়ি ফেরার পর তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, চারদিন পর হাসপাতাল থেকে ঘরে ফিরলাম। অপারেশন সাকসেস। ডা. ইয়াকুব আলী সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। দ্রুত যেন সুস্থ হতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন।’
 
গীতিকারের পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সুপরিচিত মিল্টন খন্দকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ সংগীতব্যক্তিত্বের লেখা ও সুর করা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না’, ‘অঞ্জনা’ ইত্যাদি। 

এসএ/টিএ

মন্তব্য করুন