যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের রাতে শিশুসহ আটজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ০৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কনি আইল্যান্ড এলাকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে রোববার (৫ জুলাই) এবিসি নিউজ জানিয়েছে। প্রতিবেদনে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)-এর বরাত দেয়া হয়েছে।
এনওয়াইপিডি জানায়, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিন এলাকার ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,স্বাধীনতা দিবসের ছুটির রাতে গুলিবিদ্ধ হওয়া আটজনেরমধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী।
এসএন