ডেটিং অ্যাপ থেকে বিয়ের মণ্ডপে অংশুলা ও রোহন!
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ০৭ জুলাই, ২০২৬
চার বছরের প্রেমের পর অবশেষে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর ও রোহন ঠাক্কর। সোমবার মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন নবদম্পতি। আরেকটি ভিডিওতে বিয়ের নিবন্ধন সম্পন্ন করার পর পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ নিতে দেখা যায় তাদের। বিয়েতে অংশুলার পরনে ছিল হালকা গোলাপি-আড়ু রঙের লেহেঙ্গা, আর রোহন পরেছিলেন আইভরি ও সোনালি রঙের শেরওয়ানি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের বহু সদস্য। অতিথিদের তালিকায় ছিলেন অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, শাবানা আজমী, কারিশমা কাপুরসহ আরও অনেকে। পারিবারিক পরিবেশ বজায় রাখতে সংবাদমাধ্যমকে অনুষ্ঠানস্থলে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন অর্জুন কাপুর। জানা গেছে, মঙ্গলবার নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। ২১ জুন অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর মেহেদি, চুড়া ও কালিরা পরানোর মতো বিভিন্ন আয়োজনে অংশ নেন পরিবারের সদস্যরা। বিশেষ করে জাহ্নবী ও খুশির আয়োজনের প্রশংসা করে অংশুলা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অংশুলা ও রোহনের প্রেমের শুরু ২০২২ সালে একটি ডেটিং অ্যাপে পরিচয়ের মাধ্যমে। তিন বছরের সম্পর্কের পর ২০২৫ সালের জুলাইয়ে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই বিশেষ মুহূর্তের কথা জানিয়ে অংশুলা বলেছিলেন, সম্পর্কের শুরু থেকে প্রস্তাব- সবকিছুই ছিল ভীষণ আন্তরিক ও স্মরণীয়।
এসএ/টিএ