পাহাড়ি ঢলে দীঘিনালা সাবস্টেশন বন্ধ, বিদ্যুৎহীন সাজেক, বিপাকে শত শত পর্যটক
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ০৮ জুলাই, ২০২৬
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক পর্যটন এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা সাবস্টেশনের ট্রান্সফরমারের আশপাশে পানি দ্রুত বৃদ্ধি পায়। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিন জানান, বুধবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি কিছুটা কমলেও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি এখনো বাড়ছে।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বলেন, পাহাড়ি ঢলের কারণে উপকেন্দ্রের ট্রান্সফরমারের একেবারে কাছাকাছি পর্যন্ত পানি চলে এসেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ফলে দীঘিনালা উপজেলা ও সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় বিদ্যুৎ চালু করা হবে।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাজেকে অবস্থানরত পর্যটক ও ব্যবসায়ীরাও দুর্ভোগে পড়েছেন।
টিকে/