বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই না ফেরার দেশে দক্ষিণ আফ্রিকার ফুটবলার
ছবি: সংগৃহীত
০৭:৪৯ পিএম | ১১ জুলাই, ২০২৬
বিশ্বকাপের অংশ নেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবরে থমকে গেছে ফুটবলবিশ্ব। আজ দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম ‘ইএনসিএ’ ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবরটি সামনে আনে।
জেইডেন অ্যাডামসের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও, খেলোয়াড়ের পারিবারিক ও ঘনিষ্ঠ মহল থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (এসএএফপিইউ) জেইডেন অ্যাডামসের খবরের সত্যতা নিশ্চিত করে তাদের অফিসিয়াল বিবৃতিতে দিয়েছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘মামেলোডি সানডাউনস এবং বাফানা বাফানার মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের এমন অকাল প্রয়াণে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন গভীরভাবে স্তব্ধ ও মর্মাহত।’
অ্যাডামসের মেন্টর (পরামর্শক) ব্র্যান্ডিন জনসন পরিবারের পক্ষ থেকে ‘সকার লাডুমার’ কাছে এই হৃদয়বিদারক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এই মিডফিল্ডারের কাছের মানুষদের এই যৌথ শোকের কথা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন-‘এই মুহূর্তে সবকিছুই বড্ড আকস্মিক, আপনারা বুঝতেই পারছেন, আঘাতটা এখনো খুব টাটকা। পরিবার এই মুহূর্তে কারও সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে না, তারা কাউকে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। এই চলে যাওয়া সবাইকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই তো মাত্র বিশ্বকাপ খেলে ফিরল, আর তারপরেই এমন একটা খবর..।’
দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস দেশটির শীর্ষ সারির ক্লাব মামেলোডি সানডাউনসের হয়ে খেলতেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দেশের হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। তবে শেষ ৩২-এর নকআউট পর্বে কানাডার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে তিনি বিকল্প খেলোয়াড় হিসেবে বেঞ্চেই ছিলেন।
সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়, ‘চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে জেইডেন শুরু থেকেই খেলেছিলেন। নানীকে (কিংবা দাদী) হারানোর বিশাল কষ্ট বুকে চেপেও তিনি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন।’
সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে তারা; প্রথমবারের মতো পা রাখে বৈশ্বিক এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে।
সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএএফএ)-র সভাপতি ড্যানি জর্ডান বলেন, ‘এটি জেইডেনের পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর নানীর (কিংবা দাদী) প্রয়াণে আমরাও সমব্যথী। সাফার পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
গত মৌসুমে জেইডেন অ্যাডামস তাঁর ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। যেখানে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি গোল।
২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয় অ্যাডামসের। আর এবারের বিশ্বকাপে দেশের জার্সি গায়ে জড়ানোর মধ্য দিয়েই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে নিজের ৯ম আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেললেন এই মিডফিল্ডার; যা একই সঙ্গে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
টিকে/