জামিনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম
ছবি: সংগৃহীত
০১:৩১ এএম | ১২ জুলাই, ২০২৬
হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। তার আইনজীবী মো. রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা থানার এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মো. ইমরান নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তাকে মোহাম্মদপুর থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। দুই মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। একটি নামঞ্জুর হয়।
তিন মামলায় জামিনের আদেশের পর তাকে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সর্বশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন ফাহিম।
আরআই/টিএ