শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ১২ জুলাই, ২০২৬
ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
আজ (রোববার, ১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে নিজ কার্যালয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তাকে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আর এক্ষেত্রে দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
তিনি আরও জানান, বিগত ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্ত কাজ এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এগুলোর প্রতিবেদন আদালতে পেশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেএন/টিএ