বিশ্বকাপ জিতবে ফ্রান্স, পাত্তা পাবে না আর্জেন্টিনা: সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত
০৯:৪৯ এএম | ১৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপের ১০০টি রোমাঞ্চকর ম্যাচ শেষে টুর্নামেন্ট এখন একেবারে শেষ পর্যায়ে। শিরোপা নির্ধারণী ফাইনালসহ বাকি রয়েছে আর মাত্র ৪টি ম্যাচ, যেখানে শেষ চারে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগেই এই চারটি দলের সেমিফাইনালে ওঠার নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল অপটার সুপারকম্পিউটার। এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন দল বেছে নিতে ২৫ হাজার বার ফলাফল বিশ্লেষণ করে নিজেদের হিসাব-নিকাশ প্রকাশ করেছে তারা।
অপটার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পে এবং উসমান দেম্বেলের নৈপুণ্যে দুর্দান্ত ছন্দে থাকা ফরাসিদের টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭% এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪%। এই বিশ্বকাপে এমবাপ্পে ৮টি ও দেম্বেলে ৫টি গোল করেছেন, যার মাধ্যমে ২০০২ সালে ব্রাজিলের রোনালদো ও রিভালদোর পর একই বিশ্বকাপে দুই খেলোয়াড়ের ৫ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়েছে ফ্রান্স। অবশ্য এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হ্যারি কেইন এবং জুড বেলিংহামও ৬টি করে গোল করে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন।
ফ্রান্সের সেমিফাইনালের প্রতিপক্ষ স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩% হলেও শিরোপা জয়ের দিক থেকে তারা ২৩.৪% সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সুপারকম্পিউটারের ধারণা অনুযায়ী, ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনালের বিজয়ী দলের হাতেই শেষ পর্যন্ত শিরোপা ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড গড়েছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ৬৪৯ মিনিট পর প্রথম গোল হজম করলেও শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় তারা।
অন্যদিকে, ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে সুপারকম্পিউটার। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯% এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯%, যা তাদের তৃতীয় স্থানে রেখেছে। পুরো টুর্নামেন্টে খুব একটা দাপুটে ফুটবল না খেললেও নরওয়ে ও মেক্সিকোর বিপক্ষে টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ১৯৮৬ সালের ডিয়েগো ম্যারাডোনার কীর্তি ছুঁয়েছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে গত আট বছরেই চারবার সেমিফাইনালে উঠেছে থ্রি লায়ন্সরা।
বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সুপারকম্পিউটারের হিসাবে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে পিছিয়ে আছে আর্জেন্টিনা। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০.৬% এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.১%। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি গোল না পেলেও অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এটি ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার রেকর্ড ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ, যার মধ্যে ১১টিতেই জয় পেয়েছে তারা। সুপারকম্পিউটারের মতে, ইংল্যান্ডের বিপক্ষে তাদের সেমিফাইনালের লড়াইটি হবে সমানে সমান, যার ফল যেকোনো দিকেই যেতে পারে।
কেএন/এসএন