© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির সেই ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের

শেয়ার করুন:
মোদির সেই ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ১৩ জুলাই, ২০২৬
রাজনীতির মঞ্চে তার পরিচয় একজন বিতর্কিত নেতা হিসেবে। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করা থেকে শুরু করে বাংলাদেশ কেন্দ্রিক নানা বিতর্কিত মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে থাকা। সবকিছুর মধ্যেই নিজের স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তবে এবার রাজনীতির গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় ধরা দিলেন তিনি। হাতে মাইক, সামনে রেকর্ডিং স্টুডিও। ঝালমুড়িকে কেন্দ্র করে একটি মজার গানে কণ্ঠ দিলেন দিলীপ।

সোমবার (১৩ জুলাই) সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষ করে তিনি চিনার পার্ক সংলগ্ন একটি রেকর্ডিং স্টুডিওয় পৌঁছান। সেখানেই শিল্পী লোকেশ গিরি ও তার স্ত্রী রিমাশ্রীর লেখা ও সুর করা ঝালমুড়িভিত্তিক একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।

জানা গেছে, গানটির কথায় রয়েছে বাঙালির প্রিয় রাস্তার খাবার ঝালমুড়িকে ঘিরে একাধিক মজাদার উপমা ও ছন্দ। ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’। এমন নানা পংক্তিতে তৈরি হয়েছে হালকা মেজাজের এই গান। বর্তমানে যে ভিডিও এখন ভাইরাল।

ঝালমুড়িকে ঘিরে রাজনীতির আলোচনার সূত্রপাত অবশ্য কয়েক মাস আগেই। চলতি বছরের ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে একটি পথের ধারের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোকানির সঙ্গে কথা বলা এবং স্থানীয় মানুষের সঙ্গে তার সেই মুহূর্তের ভিডিও পরে সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করে নেন প্রধানমন্ত্রী। ঘটনাটি দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে।

এর কিছুদিন পর কৃষ্ণনগরের এক নির্বাচনী সভায় সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” মন্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। এরপর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক আড্ডায় ঝালমুড়ি যেন একপ্রকার প্রতীকী গুরুত্ব পেতে শুরু করে।

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জুন মাসে নয়াদিল্লিতে এনডিএর এক বৈঠকেও ঝালমুড়ি ফের শিরোনামে আসে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী মোদিকে ঝালমুড়ি পরিবেশন করলে তাকে বলতে শোনা যায়, “ইয়ে ওয়ালা চাইয়ে।” সেই ভিডিওও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এই রাজনৈতিক আবহেই এবার ঝালমুড়িকে কেন্দ্র করে তৈরি হল নতুন গান, আর সেই গানে কণ্ঠ দিলেন দিলীপ ঘোষ। রাজনীতির বাইরে তার এই নতুন পরিচয় কতটা জনপ্রিয়তা পায়, তা সময়ই বলবে। তবে গানটির মজাদার কথা, ঝালমুড়িকে ঘিরে রাজনৈতিক স্মৃতি এবং দিলীপ ঘোষের উপস্থিতি। সব মিলিয়ে এটি প্রকাশের পর যে ব্যাপক আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।

আরআই/টিএ

মন্তব্য করুন