বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে ৩য় বিয়ে আমিরের
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ১৬ জুলাই, ২০২৬
বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন বলিউড অভিনেতা আমির খান। একাধিক সম্পর্কের ভাঙনের পর জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন তিনি। সম্প্রতি তৃতীয়বার বিয়ে করে আবারও আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেতা।
মুম্বাইয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে। এর মধ্যেই আমিরের দীর্ঘদিনের বন্ধু আমিন হাজি জানিয়েছেন, অভিনেতার ব্যক্তিগত জীবনের অনেক কষ্টের কথা।

আমিন হাজির ভাষ্য, সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমির কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। তিনি অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। বিচ্ছেদের কষ্ট তাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। এমনকি সেই সময় তাকে কাঁদতেও দেখেছেন তার বন্ধু।
তিনি বলেন, আমির সবসময় বিয়ে ও পারিবারিক সম্পর্ককে সম্মান করেছেন। জীবনের প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তেই নিয়েছেন। বিচ্ছেদের পর একাকীত্ব ও মানসিক শূন্যতা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করতেই হয়তো তিনি আবারও সম্পর্কে জড়িয়েছেন।
আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রিনা দত্তের সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। পরে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় তার। ২০২১ সালে কিরণের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। তবে দুজন এখনো সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।
বন্ধুর মতে, আমির কাজের প্রতি অত্যন্ত নিবেদিত একজন মানুষ। তবে ব্যক্তিগত জীবনের ব্যস্ততা ও দূরত্ব কখনো কখনো সম্পর্কে প্রভাব ফেলতে পারে। অতীতের কষ্ট পেছনে ফেলে এবার গৌরী স্প্র্যাটকে নিয়ে নতুন পথচলা শুরু করেছেন আমির খান।
এসএ/টিএ