© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ

শেয়ার করুন:
বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
আজ বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। টেলিভিশনের ছোট পর্দা থেকে শুরু করে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া শাহরুখের বয়স আজ ৬১ বছর। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।

১৯৮০-এর দশকের শেষ দিকে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘বাজিগর’, ‘ডর’ ও ‘আনজাম’-এর মতো সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।



তবে রোমান্টিক নায়ক হিসেবেই দর্শকের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’ ও ‘বীর-জারা’র মতো সিনেমা তাঁকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে। পর্দায় তাঁর প্রেমিকসুলভ উপস্থিতি ও অভিনয়ের ধরন একসময় হয়ে ওঠে আলাদা পরিচয়।

শুধু রোমান্টিক চরিত্রেই সীমাবদ্ধ থাকেননি শাহরুখ। ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বড় পর্দায় শক্তিশালী প্রত্যাবর্তন করেন এই অভিনেতা। একই বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘ডানকি’। ‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতিও পেয়েছেন তিনি।



এদিকে শাহরুখের জন্মদিনে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমায় প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

অভিনয়ের বাইরেও ব্যবসায়িক উদ্যোগে সফল শাহরুখ। তিনি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীসহ অসংখ্য পুরস্কার। ২০১৮ সালে নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজের স্বীকৃতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি।

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে কখনো রোমান্টিক নায়ক, কখনো খলনায়ক, আবার কখনো অ্যাকশন হিরো হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন শাহরুখ। সময়ের সঙ্গে বদলেছে তাঁর অভিনয়ের ধরন, বেড়েছে কাজের পরিধি। তবে জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ৬১তম জন্মদিনেও ভক্তদের কাছে তিনি সেই চিরচেনা ‘কিং খান’।

এসএ/

মন্তব্য করুন