© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোমাদের এবার ‘ফোর স্টার’ হবে না: আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের হুমকি!

শেয়ার করুন:
তোমাদের এবার ‘ফোর স্টার’ হবে না: আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের হুমকি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

প্রথমেই ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশলের সমালোচনা করেন ক্যাসিয়াস। অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর দলের রক্ষণাত্মক মানসিকতাকে তিনি দায়ী করেন পরাজয়ের জন্য।

ক্যাসিয়াস লিখেছেন, ‘গোল করার পরই তারা পিছিয়ে গেল। ভীরুর মতো কৌশল। নিজেদের বক্স ছেড়েই বের হয়নি, ফলে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণের সুযোগ পেয়েছে। এর ফল এমনই হওয়ার কথা।’

ম্যাচ শেষে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই ম্যাচটি হেরেছে। প্রায় ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকেই পুরোপুরি খেলার নিয়ন্ত্রণ করতে দিয়েছে। এটা হতে পারে না। এখন ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা-অসাধারণ একটি ম্যাচ হবে।’

তবে এরপরই আর্জেন্টিনাকে সরাসরি খোঁচা দিয়ে নিজের দেশ স্পেনের প্রতি নিজের সমর্থন স্পষ্ট করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। তিনি লেখেন, ‘তোমরা চার নম্বর স্টার পাবে না।’

এরপর আরেকটি পোস্টে যোগ করেন, ‘চতুর্থ তারকা (স্টার) হবে না। চল, দ্বিতীয় তারকার জন্য লড়ি! এগিয়ে যাও স্পেন!’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। পরে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত দূরপাল্লার শট এবং লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। সেখানে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।

টিকে/

মন্তব্য করুন