মেসি ও ইয়ামালের ফাইনালের টিকিটের দাম ৪৩ হাজার ৪৯১ মার্কিন ডলার!
ছবি: সংগৃহীত
০৬:৩৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেন — ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবলপ্রেমীদের এই আগ্রহের প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। পুনর্বিক্রয় (রিসেল) বাজারে ফাইনালের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যেখানে একটি টিকিটের সর্বোচ্চ মূল্য ৪৩ হাজার ডলারেরও বেশি। অনেকের বিশ্বাস, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে না চাওয়াই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
আগামী রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেকেন্ডারি বা রিসেল মার্কেটে টিকিটের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। বর্তমানে স্টাবহাব-এ সবচেয়ে কম দামের একটি টিকিটের মূল্য প্রায় ৭ হাজার ৮৬৮ মার্কিন ডলার (প্রায় ৮ লাখ টাকার সমপরিমাণ)। অন্যদিকে সবচেয়ে দামি টিকিটের মূল্য পৌঁছেছে ৪৩ হাজার ৪৯১ মার্কিন ডলার (প্রায় ৫৩ লাখ টাকার সমপরিমাণ)।
এতে অবশ্য ভ্রমণ, বিমান ভাড়া, হোটেল, স্থানীয় যাতায়াত কিংবা খাবারের খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে একজন দর্শকের মোট ব্যয় আরও অনেক বেশি হতে পারে।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্সের লড়াইয়ের টিকিটের দাম তুলনামূলক অনেক কম। সেই ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য নেমে এসেছে ৭৬৭ ডলার, যা কয়েক ঘণ্টা আগেও ছিল প্রায় ১ হাজার ৯০০ ডলার।
এছাড়া মিয়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য স্টেডিয়াম থেকে প্রায় ২৩ মিনিট হাঁটার দূরত্বের একটি সরকারি পার্কিং স্পটের মূল্যও নির্ধারণ করা হয়েছে ২৫০ ডলার।
বিশ্বকাপের টিকিটের মূল্যবৃদ্ধির পেছনে শুধু রিসেল বাজারই নয়, ফিফার ডায়নামিক (ভ্যারিয়েবল) প্রাইসিং নীতিও বড় ভূমিকা রেখেছে। গত বছরের অক্টোবরে টিকিট বিক্রি শুরু হওয়ার সময়ই ২০২৬ বিশ্বকাপের দাম ছিল ইতিহাসের সর্বোচ্চ। পরে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে আরও বাড়ানো হয়।
বিশ্লেষকদের মতে, টিকিটের চাহিদা এত বেশি হওয়ার অন্যতম কারণ লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে এই ফাইনালটি আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকরা যে কোনো মূল্যে এই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখতে আগ্রহী। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও ম্যাচটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছেন।
এখন দেখার বিষয়, ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এই ফাইনালে শেষ হাসি হাসবে কে—নিজের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার খোঁজে থাকা মেসির আর্জেন্টিনা, নাকি নতুন প্রজন্মের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন।
এমআর/টিএ