তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল কী গোল্ডেন বুটে অবদান রাখে?
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ১৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের আরেকটি বড় জায়গা হলো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন কিংবা জুড বেলিংহ্যামের মতো তারকাদের সামনে এখনো রয়েছে এই পুরস্কার জয়ের সুযোগ। কারণ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের সঙ্গে যুক্ত হয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ দুই ম্যাচের আগে সাতজন ফুটবলার পাঁচ বা তার বেশি গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। এরপর রোববার ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।
বর্তমান গোলসংখ্যার হিসাবে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে-দুজনেরই গোল ৮টি। তবে অ্যাসিস্টের হিসাবে এগিয়ে থাকায় টাইব্রেকার নিয়মে আপাতত শীর্ষে আছেন মেসি।
তাদের পেছনে ৭ গোল নিয়ে আছেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে কোয়ার্টার ফাইনালেই নরওয়ের বিদায় হওয়ায় গোল বাড়ানোর আর সুযোগ নেই তার। অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম করেছেন ৬টি করে গোল। ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিকেল ওইয়ারজাবালের গোলসংখ্যা ৫টি করে।
গোল্ডেন বুটের ভাগ্য অনেকটাই নির্ভর করবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্স তাদের মূল একাদশ মাঠে নামায় কি না, তার ওপর। বিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচে গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজিরও রয়েছে।
এর আগে সাতজন গোল্ডেন বুটজয়ী ফুটবলার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছেন। তাদের মধ্যে চারজনের ক্ষেত্রে ওই ম্যাচের গোলই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পুরস্কার জয়ে।
২০১০ বিশ্বকাপে জার্মানির থমাস মুলার, ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার ডাভর সুকের, ১৯৯০ সালে ইতালির সালভাতোরে শিলাচি এবং ১৯৩৮ সালে ব্রাজিলের লিওনিদাস-তারা সবাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে গোল্ডেন বুট জয়ের পথে এগিয়ে যান।
এ ছাড়া পোল্যান্ডের গ্রেগর্জ লাতো, পর্তুগালের কিংবদন্তি ইউসেবিও ও ফ্রান্সের জ্যঁ ফন্তেইনও এই ম্যাচে গোল করেছিলেন। তবে তাদের ক্ষেত্রে ওই গোল ছাড়াও পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সই ছিল গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট।
তাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুধু সান্ত্বনার লড়াই নয়, গোল্ডেন বুটের দৌড়েও হতে পারে ভাগ্য বদলের মঞ্চ।
টিকে/