২ কোটি ৩০ লাখ ডলারে বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ১৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। মাঠের হতাশা পেছনে ফেলে এখন বিশ্রামে সময় কাটাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।
আর সেই সময়েই নিজের সংগ্রহে যোগ করেছেন ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ কোটি টাকা) মূল্যের এক বিলাসবহুল সুপারইয়ট।
‘এনেজোটা’ নামের এই সুপারইয়টটির নামকরণ করা হয়েছে নেইমারের আদ্যক্ষর ‘এনজে’ থেকে।
ব্রাজিলের নৌযান বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরোর তথ্য অনুযায়ী, ইয়টটি বর্তমানে রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আংরা দোস রেইসে নোঙর করা আছে। এটি নেইমার ও তার পরিবারের প্রিয় অবকাশযাপনের জায়গাগুলোর একটি।

৪৬ মিটার দীর্ঘ এই সুপারইয়টের ব্যবহারযোগ্য জায়গা প্রায় ৮০০ বর্গমিটার। এতে রয়েছে ছয়টি বিলাসবহুল ব্যক্তিগত স্যুট, একাধিক অবকাশযাপনের লাউঞ্জ, আধুনিক সব সুযোগ-সুবিধা এবং ওপরের ডেকে একটি হেলিপ্যাড।
চারটি শক্তিশালী ১,৪৫০ হর্সপাওয়ার ইঞ্জিনের সাহায্যে ইয়টটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে।
ব্রাজিলের নৌযানবিষয়ক সাময়িকী ‘নাউটিকা’র তথ্য অনুযায়ী, ‘এনেজোটা’ একেবারে নতুন করে নির্মাণ করা হয়নি। ‘জেএকিউ এইচ১’ নামের একটি ভারী সমুদ্রযানকে আধুনিকভাবে রূপান্তর করেই তৈরি করা হয়েছে বিলাসবহুল এই সুপারইয়ট। ফলে দীর্ঘ সমুদ্রযাত্রার উপযোগী শক্তিশালী কাঠামোর সঙ্গে এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল সব সুযোগ-সুবিধা।
এই নতুন সংযোজনের মাধ্যমে সুপারইয়টের মালিক ফুটবল তারকাদের বিশেষ তালিকায় নাম লেখালেন নেইমার। এই তালিকায় আগে থেকেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ডেভিড বেকহামের মতো কিংবদন্তিরা। তবে বিলাসবহুল সম্পদের দিক থেকে নেইমারের এটি প্রথম নয়। তার সংগ্রহে রয়েছে ব্যক্তিগত জেট, বিরল মডেলের সুপারকার, বিশ্বের বিভিন্ন দেশে বিলাসবহুল বাড়ি এবং জনপ্রিয় কাল্পনিক সুপারহিরোর গাড়ির আদলে তৈরি একটি বিশেষ ব্যাটমোবাইল।
এমআর/টিএ