‘তোমাদের ব্রেক-আপ হলে আমার কাছে কাঁদবে না!’ সোনাক্ষী-জাহিরকে কেন এমন বলেছিলেন সালমান?
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
বলিউড তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের শুরুটা যতই আড়ালে রাখার চেষ্টা হোক না কেন, সেই গোপন সম্পর্ক সবার আগে বুঝে ফেলেছিলেন সালমান খান। সম্প্রতি এক আলাপচারিতায় নিজেদের প্রেমের শুরুর দিনের সেই মজার স্মৃতি তুলে ধরেছেন এই দম্পতি।
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি সঞ্চালিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে জাহির ইকবাল জানান, তারা সম্পর্কের কথা কাউকে না বললেও সালমান খান শুরুতেই সব বুঝে গিয়েছিলেন। তাদের আচরণ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সম্পর্ক আরও গভীর হয়েছে।

জাহিরের ভাষ্য, তারা কিছু বলার আগেই সালমান খান তাদের সম্পর্কের বিষয়টি বুঝে ফেলেছিলেন। কারণ, এই সম্পর্কের সূচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালমানের।
সোনাক্ষীও সেই স্মৃতিচারণায় জানান, সালমান যখনই তাদের সম্পর্ক নিয়ে জানতে চাইতেন, তখন তারা বিষয়টি এড়িয়ে যেতেন। একদিন মজার ছলে সালমান বলেন, একসময় তাদের বিচ্ছেদ হবে এবং তখন দুজনই তার কাছে এসে কাঁদবেন। একই সঙ্গে তিনি জানান, দুজনকেই ভালোবাসেন বলে কারও পক্ষ নিতে চান না। সালমানের এমন মন্তব্য শুনে তারা বিস্মিত হয়ে বুঝতে পারেন, তাদের সম্পর্ক আর গোপন নেই।
শুধু তাই নয়, একবার ভ্রমণে গিয়েও জাহিরকে প্রেম নিয়ে খোঁচা দিয়েছিলেন সালমান। মজার ছলে তিনি বলেছিলেন, সবই দেখা যাচ্ছে। সেই মুহূর্তেই জাহির ও সোনাক্ষী বুঝে যান, তাদের সম্পর্ক আর লুকিয়ে রাখা সম্ভব নয়।
জানা যায়, সালমান খানের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। এরপর প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৪ সালের জুনে বিশেষ বিবাহ আইনের মাধ্যমে বিয়ে করেন এই তারকা জুটি।
এসএ/টিএ