মেসিদের ফাইনাল ম্যাচ কেন গ্যালারিতে বসে দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?
ছবি: সংগৃহীত
১০:০২ এএম | ১৭ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে নিজের বিশ্বাসকে অটুট রাখতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে উপভোগ করার সুযোগ থাকলেও মিলেই ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট প্রাসাদ থেকেই খেলা দেখবেন।

রেডিও এল অবজারভেদর-কে দেওয়া সাক্ষাৎকারে মিলেই জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ তিনি প্রেসিডেন্ট প্রাসাদে বসে একইভাবে দেখেছেন এবং প্রতিবারই দল জয় পেয়েছে। তাই তিনি বিশ্বাস করেন, এই ‘লাকি রুটিন’ বদলানো ঠিক হবে না।
তার ভাষ্য, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি কোনো ধরনের কুসংস্কার বা ব্যক্তিগত বিশ্বাস ভাঙতে চান না। তাই নিউ ইয়র্কে না গিয়ে আগের মতোই প্রেসিডেন্ট ভবনে বসে টেলিভিশনের সামনে থেকে মেসিদের সমর্থন জানাবেন।
মিলেইর আশা, তার এই সৌভাগ্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং মাঠে স্পেনকে হারিয়ে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।
আরআই/ এসএন