কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ১৭ জুলাই, ২০২৬
বাংলাদেশের অভিনয়াঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র—তিন মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে তিনি হয়ে উঠেছেন প্রজন্মের পর প্রজন্মের দর্শকের প্রিয় মুখ। একুশে পদক, আজীবন সম্মাননা এবং দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতিতে সম্মানিত এই গুণী অভিনেত্রী আজ ৭৩ বছরে পা রাখলেন।
অর্ধশতকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে পথচলা ডলি জহুরের। মঞ্চ দিয়ে শুরু হওয়া সেই যাত্রা পরে টেলিভিশন নাটক পেরিয়ে পৌঁছায় চলচ্চিত্রে। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিজের অবস্থান শক্তভাবে জানান দেন তিনি। পরে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যও একই সম্মানে ভূষিত হন।
দীর্ঘ অভিনয়জীবনে ‘আগুনের পরশমণি’, ‘দীপু নাম্বার টু’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সন্তান যখন শত্রু’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘নিরন্তর’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মায়ের কসম’সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। পাঁচ দশক পেরিয়েও অভিনয়ের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। এখনো নিয়মিত কাজ করছেন এবং নতুন চরিত্রে তাকে দেখার অপেক্ষায় থাকেন দর্শক।

জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই বলেই জানিয়েছেন ডলি জহুর। বরাবরের মতোই দিনটি সাধারণভাবেই কাটাতে চান তিনি। তবে সন্ধ্যায় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা গ্রহণ নিয়েই কিছুটা ব্যস্ততা থাকবে বলে জানান।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে ব্যক্তিজীবনের আবেগও ভাগ করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, দুই দশক আগে স্বামী জহুর তাকে একা রেখে চলে গেছেন। আজও প্রতিটি মুহূর্তে তাকে ভীষণভাবে অনুভব করেন। একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন। নিয়মিত ভিডিও কলে কথা হলেও ছেলের কাছে স্থায়ীভাবে চলে যাওয়ার ইচ্ছা তার নেই। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, অভিনয়ের প্রতি এবং অভিনয়জগতের মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাকে বাংলাদেশে ধরে রেখেছে।
ডলি জহুরের ভাষায়, জীবনের এই পর্যায়েও সুস্থ থেকে অভিনয় করে যেতে পারাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। জন্মদিনে বিশেষ কোনো চাওয়া নেই, সবার কাছে শুধু দোয়া চান, যেন সুস্থ থেকে আরও দীর্ঘদিন প্রিয় কাজের সঙ্গে থাকতে পারেন।
এসএ/এসএন