© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

শেয়ার করুন:
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ১৭ জুলাই, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে হিন্দি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


ঘনিষ্ট সূত্রের খবর, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ বাংলাদেশে আমদানি ও মুক্তির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) সাফটা (SAFTA) চুক্তির আওতায় ছবিটি মুক্তির অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ১৪ আগস্টই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আর কোনো বাধা থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতে আরো কয়েকটি আলোচিত বলিউড সিনেমা বাংলাদেশে আনার পরিকল্পনাও রয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটির।



জানা গেছে, ‘আওয়ারাপান ২’-এর পর যশ অভিনীত ‘টক্সিক’ এবং শাহরুখ খান অভিনীত ‘কিং’ বাংলাদেশে মুক্তির বিষয়েও পরিকল্পনা চলছে। তবে এ দুটি ছবির ভাগ্যও নির্ভর করছে সরকারি অনুমোদনের ওপর।

বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ইতিহাস খুব একটা দীর্ঘ নয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশীয় চলচ্চিত্রশিল্পের স্বার্থে বিদেশি, বিশেষ করে হিন্দি সিনেমা আমদানিতে কঠোর বিধিনিষেধ ছিল। সেই ধারা ভেঙে ২০১৫ সালে সালমান খানের ‘ওয়ান্টেড’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আবারও দীর্ঘ বিরতি তৈরি হয়।

প্রায় আট বছর পর অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিয়ে নতুন করে হিন্দি সিনেমা প্রদর্শনের পথ খুলে দেয়। এরপর পর্যায়ক্রমে ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এবং ‘কিসি কা ভাই কিসি কা জান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

তবে গত দুই বছরে বাংলাদেশে কোনো নতুন হিন্দি সিনেমা মুক্তি পায়নি। উল্লেখ্য, নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমিসহ আরো অনেকে। প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল হিসেবে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

এসএ/এসএন


মন্তব্য করুন