© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিকি লিখলেন, ‘প্রিয়তমার জন্মদিন’

শেয়ার করুন:
ভিকি লিখলেন, ‘প্রিয়তমার জন্মদিন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ১৭ জুলাই, ২০২৬
মা হওয়ার পর প্রথম জন্মদিন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুললেন স্বামী অভিনেতা ভিকি কৌশল। একেবারেই ঘরোয়া আবহে স্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করলেন এই তারকা। খবর: বলিউড হাঙ্গামা

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্ত্রী ক্যাটরিনাকে জড়িয়ে ধরা একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। এরপর ছবির ক্যাপশনে ভিকি লেখেন, ‘প্রিয়তমার জন্মদিন।’

ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় সাদা ও সোনালি রঙের বেলুন এবং ‘শুভ জন্মদিন’ লেখা সুন্দর সাজসজ্জা। ভিকির এক হাতে তখন জন্মদিনের কেকের টুকরো, আর অন্য হাতে ক্যাটরিনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন তিনি।



এদিনের উদ্‌যাপনে কোনো বাড়তি জাঁকজমক ছিল না। ক্যাটরিনার পরনে ছিল একটি ঢিলেঢালা নীল রঙের পোশাক, মুখে প্রায় কোনো মেকআপই ছিল না, আর চুলগুলো ছিল খোলা। অন্যদিকে ভিকির পরনে ছিল সাদা জামা ও গাঢ় রঙের প্যান্ট।

ছবিটি প্রকাশ হতেই মন্তব্যের ঘরে পরিচালক ফারাহ খানও ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে সেই সঙ্গে মজার ছলে লেখেন, ‘তোমার মা তোমাকে খুব মিস্‌ করছেন।’

এবারের জন্মদিনটি ক্যাটরিনার কাছে ভীষণ স্পেশাল। গত বছরের নভেম্বর মাসে তাদের সংসারে এসেছে এক পুত্রসন্তান। চলতি বছরের জানুয়ারিতে এই তারকা দম্পতি ছেলের নাম প্রকাশ করেন—বিহান কৌশল। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই ক্যাটরিনার প্রথম জন্মদিন।

এসএন 

মন্তব্য করুন