© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাবির আন্দোলনে বন্ধ হয়ে গেল জামতৈল স্টেশন, ফিরে গেলেন যাত্রীরা

শেয়ার করুন:
রাবির আন্দোলনে বন্ধ হয়ে গেল জামতৈল স্টেশন, ফিরে গেলেন যাত্রীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ২১ জুলাই, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) কর্তৃক মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনেও। 

যে প্ল্যাটফর্মে প্রতিদিন ঢাকামুখী যাত্রীদের ভিড় লেগে থাকে, মঙ্গলবার  (২১ জুলাই) সেখানে ছিল অস্বাভাবিক নীরবতা। ট্রেনের অপেক্ষায় স্টেশনে এসে অনেক যাত্রী ফিরে গেছেন, কেউ আবার বিকল্প হিসেবে বাসে গন্তব্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রীর উপস্থিতি অনেক কম। ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রীরা স্টেশনে এলেও ট্রেন চলাচল বন্ধ থাকার খবর পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনের পর থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা কোনো ঢাকামুখী ট্রেন স্টেশন অতিক্রম করেনি। অনেক যাত্রী এসে ফিরে গেছেন। পরবর্তী সময়ে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো তথ্য তারা পাননি। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে।

রেলওয়ে সূত্র জানা গেছে, প্রতিদিন বনলতা এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটে, সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৫২ মিনিটে, ধূমকেতু এক্সপ্রেস দুপুর ১টা ৩৭ মিনিটে এবং পদ্মা এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জামতৈল স্টেশনে পৌঁছায়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব ট্রেনের কোনোটি স্টেশনে আসেনি।

ছেলেকে ঢাকাগামী ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, ছেলে জরুরি কাজে বাড়ি এসেছিল। ট্রেনে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে জানতে পারি ট্রেন চলাচল বন্ধ। পরে বাধ্য হয়ে বাসে চলে গেছে। ট্রেনে যাত্রা অনেক বেশি আরামদায়ক হতো।

স্থানীয় বাসিন্দা কাউসার আলী বলেন, সকালে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ট্রেন না থাকায় যাত্রা স্থগিত করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে যাব।

প্রসঙ্গত, টিটিইর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মারধরের শিকার হয়েছেন বলে দাবি করা শিক্ষার্থী ফুরকান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরআই/টিএ

মন্তব্য করুন