ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ২২ জুলাই, ২০২৬
তরুণীসহ আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্যামনগরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় 'শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশ থেকে তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন এবং যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে ইসলামের কথা বলে এবং ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের ভোট আদায় করেছেন গাজী নজরুল। কিন্তু জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার পরিবর্তে তিনি ঢাকার আবাসিক হোটেলে তরুণীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন।
শ্যামনগরের মানুষ এমন চরিত্রহীন জনপ্রতিনিধিকে আর দেখতে চায় না। সমাবেশ থেকে অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীর কাছে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জোর দাবি জানান বক্তারা।
কেএন/এসএন