ফেনীতে আ.লীগের কার্যালয় উচ্ছেদ করল প্রশাসন
ছবি: সংগৃহীত
০৪:২৮ এএম | ২৩ জুলাই, ২০২৬
ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কার্যালয় উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার (২২ জুলাই) দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলা, পৌরসভা ও সওজ প্রশাসনের যৌথ উদ্যোগে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজের উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় ছাগলনাইয়া পৌর শহরের ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গা দখল করে দলীয় কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো।
প্রশাসন জানায়, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবারের অভিযানে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
এমআই/টিএ