© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি কি পদত্যাগ করছেন?

শেয়ার করুন:
রাষ্ট্রপতি কি পদত্যাগ করছেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৩ পিএম | ২৩ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহল থেকে ওঠে। পরে জাতীয় নির্বাচনের পর বিরোধী দলগুলোর পক্ষ থেকেও এ দাবি জোরালো হয়। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরও তিনি দায়িত্বে বহাল রয়েছেন।

সাম্প্রতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে সরকার ও বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে। একই সঙ্গে সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের আগে দায়িত্ব নেওয়া সাংবিধানিক পদধারীদের মধ্যে বর্তমানে তিনিই একমাত্র দায়িত্বে রয়েছেন।

জুলাই অভ্যুত্থানের পর তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল। যদিও পরে বিএনপি এ দাবি থেকে সরে এসে তাকে অপসারণের বিপক্ষে অবস্থান নেয়।

গণমাধ্যমের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। পরে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে বিএনপি-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, কথিত ওই ফোনালাপই সম্ভাব্য পদত্যাগের একমাত্র কারণ নয়, বিষয়টি আরও জটিল।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং আওয়ামী লীগের পুনর্গঠনের তৎপরতা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এসব বিষয়কে ঘিরে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এর আগে, অন্তর্বর্তী সরকারের সময় মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের পরিকল্পনা রয়েছে তার। আবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, আর পদত্যাগ চাইলে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এসএন 

মন্তব্য করুন