কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
ছবি: সংগৃহীত
১০:৩০ এএম | ২৪ জুলাই, ২০২৬
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা (২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার) মোট ৮ জনকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে।
বিজিবি আরও জানায়, পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
কেএন/এসএন