© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না’গঞ্জে মৃত ছাত্রী জীবিত: মামলার নথি ও তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব

শেয়ার করুন:
না’গঞ্জে মৃত ছাত্রী জীবিত: মামলার নথি ও তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব
own-reporter
০৮:৪২ পিএম | ২৭ আগস্ট, ২০২০

জীবিত থাকার পরও নারায়ণগঞ্জের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায় সংক্রান্ত সদর থানার কার্যক্রমের বৈধতা ও যৌক্তিকতার প্রশ্নে মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই মামলায় তদন্তের সঙ্গে জড়িত দুই তদন্ত কর্মকর্তাকেও তলব করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর তাদেরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ২৪ আগস্ট 'ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেয়া স্কুল ছাত্রীর ৪৯ দিন পর জীবিত প্রত্যাবর্তন' শিরোনামে দেশের একটি জাতীয় দৈনিকে প্রতিবদন প্রকাশিত হয়। পরদিন এ বিষয়ে সুপ্রিম কোর্টের ৫ আইনজীবীরপক্ষে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিভিশন আবেদনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা মামলা এবং মামলা পরবর্তী প্রক্রিয়ার শুদ্ধতা, বৈধতা এবং যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া ওই মামলার নথি তলবেরও আবেদন করা হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলার তদন্তকারী কর্মকর্তা, মূল মামলার বাদী এবং আসামিদের বিবাদী করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল তদন্ত কর্মকর্তাকে তলবসহ মামলার নথি তলব করেন হাইকোর্ট।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ৪ জুলাই ৫ম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়। পরে ৬ আগস্ট নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আব্দুল্লাহ, রকিব এবং খলিল নামে ৩ জনকে গ্রেফতার করেন। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তারা বলে যে, তারা ৫ম শ্রেণির ছাত্রী ইতি গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়। জবানবন্দি গ্রহণের পর আসামিদেরকে জেলে পাঠানো হয়।

কিন্তু গত ২৩ আগস্ট ওই ছাত্রীর খুঁজ পাওয়া গেছে। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে হয়েছে।

আরও পড়ুন

না’গঞ্জে ধর্ষণ-হত্যার ৫১ দিন পর জীবিত কিশোরী: স্বীকারোক্তি আদায়ের ঘটনায় মামলা

 

টাইমস/এসই/এইচইউ

মন্তব্য করুন