এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ কর্মকর্তা
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ডেঙ্গুবাহী এডিস মশার নিয়ন্ত্রণ শিখতে এবার ব্রাজিল সফর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে! যে চারজন যাচ্ছেন তাদের মধ্যে একজন যুগ্মসচিব ও একজন সিনিয়র সহকারী সচিবের এ কোন কাজ বা সংশ্লিষ্ট কারিগরি ব্যাকগ্রাউন্ড নেই। আর বাকি দুজন ডাক্তার।
এর আগে প্রধানমন্ত্রী এরকম একটি সফর আটকে দিয়েছিলেন। এবং লিখে দিয়েছিলেন, মশার নিয়ন্ত্রণ শিখতে জলাশয়ের পাশে গিয়ে বসছে। সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরকম ঘন ঘন সফর নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠছে! সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ততাহীন এসব কর্মকর্তাদের প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমন নিয়ে নানা প্রশ্ন উঠছে।
স্বাস্থ্যসেবা বিভাগের একটি সূত্র জানায়, তারা এডিস নিয়ন্ত্রণের ‘ওলবাকিয়া’ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাচ্ছেন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) অর্থায়নে আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিন দিনব্যাপী ‘লার্নিং এক্সচেঞ্জ’ কর্মসূচিতে তারা অংশ নেবেন।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য) মো. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, লার্নিং এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা ব্রাজিলের কুরিটিবা ও ফোজ দো ইগুয়াসু শহর সফর করবেন। প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের যুগ্মসচিব মো. রেজাউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুন এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রহমান।
আদেশে আরও বলা হয়েছে, সফর, ভ্রমণ ও ট্রানজিটের পুরো সময় কর্মকর্তাদের সরকারি কর্মকাল হিসেবে গণ্য হবে। এ সফরের যাবতীয় ব্যয় বহন করবে ওয়ার্ল্ড মস্কিটো প্রোগ্রাম।
এছাড়া সফর শেষে দেশে ফেরার সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টিকে/