© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শেয়ার করুন:
গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ পিএম | ২৫ জুলাই, ২০২৬
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। তিনি গুলশানের ১২৩ নম্বর রোডে তার নিজ বাসা ‘গ্রিন ভিলা’য় উঠতে পারেন। শুক্রবার বিকালে বাসায় নতুন টেলিফোন লাইন বসানো হয়েছে। ইতোমধ্যে বাসার টুকিটাকি কাজও করা হয়েছে। এ বাসার পঞ্চম তলায় তিনি থাকবেন এমন তথ্য দিয়েছেন বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম।

সরেজমিন শুক্রবার বিকালে ‘গ্রিন ভিলা’ বাসার সামনে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুজন কর্মচারী টেলিফোন সংযোগ দিতে এসেছেন। বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম যুগান্তরকে বলেন, ৩-৪ দিন আগে স্যার (মো. সাহাবুদ্দিন) এ বাসায় এসেছিলেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন ছিলেন। সেদিন বেলা পৌনে ১২টার দিকে তিনি বাসায় আসেন। সারা দিন থেকে রাত পৌনে ৯টার দিকে চলে যান।

বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন সংযোগ দিতে এসেছি। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছিল।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত কয়েকদিন আগেই তার সঙ্গে থাকা কর্মকর্তারা জানতে পেরেছেন। অধস্তন এসব কর্মকর্তাকে চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছাড়তে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদায়ি রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার মনোনীত কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত মালামালও গুছিয়ে নিয়েছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন