জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি হলো নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলেই বোঝা যাবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। সিএমপি জনগণের পুলিশ হিসেবে কাজ করতে চায়, নিপীড়ক পুলিশ হতে চায় না।
শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।
পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ আলাদা—এটি শুধু পুলিশ সদস্যরা মনে করলেই হবে না। সাধারণ মানুষকে পুলিশের কাজ ও আচরণের মধ্য দিয়ে সেটি অনুভব করতে হবে।
জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না। সিএমপির পক্ষ থেকে বলতে চাই, আমরা জনগণের পুলিশ হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কোনো সাংবাদিক পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং সেই প্রতিবেদন গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিক একই লক্ষ্য নিয়ে কাজ করছেন। প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন এই দুই পেশার মানুষ। সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলে জনগণের প্রত্যাশা আরও ভালোভাবে পূরণ হবে।
তিনি বলেন, জুলাই মাসে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেসক্লাবেও পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে