পরিচয় মিলল সাউথ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশীর
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২৮ জুলাই, ২০২৬
সাউথ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশীর পরিচয় মিলেছে। তাদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের ও একজন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
তারা হলেন- মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামে।
ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬)। তার বাড়ি একই জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চরে। মৃত আক্তার হোসেন ছেলে মো. শাহিন (৩০)। তার বাড়ি জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামে।
অপরজন মৃত সালাম বেপারি ছেলে মো. রাজিক (৫৫)। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামে।
জানা যায়, সাউথ আফ্রিকার কুইন্সটাউনে আগুনে পুড়ে ৬ বাংলাদেশীর মৃত্যু হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনে ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পরিচয় এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এসএন