© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্য হলো গুঞ্জন, প্রেমের সম্পর্ক প্রকাশ করলেন ক্রিকেটার অর্শদীপ?

শেয়ার করুন:
সত্য হলো গুঞ্জন, প্রেমের সম্পর্ক প্রকাশ করলেন ক্রিকেটার অর্শদীপ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ২৮ জুলাই, ২০২৬

কয়েক মাসের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী সামরিন কৌর–এর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাই পারসন’। সঙ্গে ছিল একটি লাল হৃদয় এবং টেডি বিয়ারের প্রতীক। এরপরই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে যায় মন্তব্যের ঘর।


অর্শদীপের শেয়ার করা একই পোস্ট নিজের ইনস্টাগ্রামেও প্রকাশ করেন সামরিন কৌর। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই তাতে ২৭ লাখের বেশি পছন্দ এবং ১৯ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নতুন এই তারকা জুটিকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।


অর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে। সে সময় হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁদের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে মাঠের বাইরে একান্ত সময় কাটানোর সেই দৃশ্যই প্রথম তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার জন্ম দেয়। তবে তখন দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।




অবশেষে ইনস্টাগ্রামের একটি পোস্টেই সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় এই ক্রিকেটার। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর ভক্তদের কাছ থেকে এসেছে অসংখ্য মজার ও শুভেচ্ছাসূচক মন্তব্য। একজন লিখেছেন, ‘পাজি, কত সোমবারের ব্রত রেখেছিলেন?’ ভারতীয় সংস্কৃতিতে ভালো জীবনসঙ্গী পাওয়ার বিশ্বাসকে ঘিরেই ছিল এই রসিকতা। আরেকজন ক্রিকেটীয় ভাষায় মন্তব্য করেন, ‘ভাই, একেবারে নিখুঁত জায়গায় বল করেছেন’, অর্থাৎ জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই ইঙ্গিত দেন তিনি।


জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর ২০১৮ সালে ‘মিস জম্মু অ্যান্ড কাশ্মীর’ খেতাব অর্জন করেন। এরপর অভিনয়ে নাম লেখান তিনি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ৮৩ সিনেমায় সিমরান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ছবিতে তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছিলেন।


একই বছরে মুক্তি পাওয়া নেইল পলিশ ছবিতেও দেখা যায় তাঁকে। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন মানব কৌল ও অর্জুন রামপাল। এর আগে ২০১৬ সালের পাঞ্জাবি চলচ্চিত্র সরদারজি ২–এ অভিনয় করেন তিনি। সেই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, মণিকা গিল এবং সোনম বাজওয়া।


চলচ্চিত্রের পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী বাদশাহ, গুরু রনধাওয়া এবং মনীন্দর বুট্টার–এর একাধিক গানের দৃশ্যচিত্রেও কাজ করেছেন সামরিন কৌর। এত দিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের সম্পর্কের কথা জানালেন অর্শদীপ সিং ও সামরিন কৌর।


হিন্দুস্তান টাইমস অবলম্বনে

এসএ/টিএ

মন্তব্য করুন