সিনহা হত্যা: দায় স্বীকার করে প্রধান আসামি লিয়াকতের জবানবন্দি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী।
রোববার বেলা ১২টার দিকে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেয়া হয়। এর আগে সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
মামলার তদন্তকারী সংস্থা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, দোষ স্বীকার করে জবানবন্দি দিতেই লিয়াকতকে আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশের এই কর্মকর্তা সত্যটাই তুলে ধরেছেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আব্দুল্লাহ।
এর আগে গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের মেরিন ড্রাইভে শামলা চেকপোস্টে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করে পুলিশ।
ওই ঘটনায় নিহত মেজর সিনহার বোন আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- পুলিশের এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন
মেজর সিনহা হত্যাকান্ড : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন এসআই লিয়াকত
সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষীকে রিমান্ডে নিল র্যাব
টাইমস/এইচইউ