ইসরায়েলী সেনাদের মধ্যে অসন্তোষ, ঘাঁটি ছাড়লেন অস্ত্র ফেলে
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ৩০ জুলাই, ২০২৬
ইসরায়েলী সেনাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমান্ডারদের অনুমতি ছাড়াই কয়েক ডজন ইসরায়েলী সেনা এসডে তেইমান ঘাঁটি ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে গিভাতি ব্রিগেডের জাবার ব্যাটালিয়নের কয়েক ডজন সেনা এ ঘটনা ঘটান।
ইসরায়েলী সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, দীর্ঘদিনের একটি ব্যাটালিয়ন-সংক্রান্ত ঐতিহ্যের সঙ্গে যুক্ত চিহ্ন ও প্রতীক সরিয়ে দেয়ায় কমান্ডারদের প্রতি অসন্তোষ থেকে তারা এই পদক্ষেপ নেন।
সেনাদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার সময় তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন স্লোগান দিতে দেখা গেছে। খবরে বলা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন অস্ত্র ফেলে রেখে বাড়ি ফিরে যান।
ঘটনাস্থলের ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।
ব্যাটালিয়নের সেনাদের ভাষ্য অনুযায়ী, সরিয়ে দেয়া প্রতীকগুলো গাজা ও লেবাননে যুদ্ধের সময় তাদের সঙ্গে ছিল এবং এক ব্যাচের সেনাদের কাছ থেকে পরবর্তী ব্যাচের সেনাদের কাছে হস্তান্তর করা হতো। তারা মনে করেন, এসব প্রতীক ব্যাটালিয়নের সঙ্গে তাদের সম্পর্ক ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।
ব্যাটালিয়ন কমান্ডার নিজ হাতে প্রতীকগুলো সরিয়ে দেয়ার পর বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এ ঘটনার ভিডিওচিত্রও ধারণ করা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দপ্তর জানিয়েছে, ব্যাটালিয়নের দীর্ঘদিনের ‘জ্যেষ্ঠ-কনিষ্ঠ’ ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে লাগানো চিহ্ন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়ার পরই সেনাদের এই ঘাঁটি ত্যাগের ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে একটি যুদ্ধ ইউনিটের সেনারা তাদের কমান্ডারদের অনুমতি ছাড়াই ঘাঁটি ত্যাগ করতে শুরু করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কমান্ডাররা বিষয়টি নিয়ে কাজ করছেন। এ ধরনের আচরণ ইসরায়েলি সেনাবাহিনীর মূল্যবোধ ও সেনাদের প্রত্যাশিত আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
লেবাননের একটি টেলিভিশন চ্যানেল ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ‘ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে এসডে তেইমান ঘাঁটিতে বিদ্রোহ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, জাবার ব্যাটালিয়নের কয়েক ডজন সেনা ও কর্মকর্তা অস্ত্র ফেলে রেখে বাড়ি ফিরে গেছেন।
এমআর/টিএ