ফেসবুকে মোদির পোস্ট ব্লক, মেটাকে তলব ভারতের
ছবি: সংগৃহীত
১০:২৫ পিএম | ৩০ জুলাই, ২০২৬
কয়েক ঘণ্টার জন্য ফেসবুকে সীমাবদ্ধ হয়ে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণান এ তথ্য জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে প্রকাশিত এবং পরে ফেসবুকে শেয়ার করা মোদীর একটি ভিডিও পোস্ট অনিচ্ছাকৃতভাবে সাময়িকভাবে সীমাবদ্ধ হয়ে যায়।
এরপরই নড়েচড়ে বসে ভারত সরকার। কী কারণে এমন ঘটনা ঘটল, তার ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কর্মকর্তাদের তলব করেছে দেশটির সরকার।
এস. কৃষ্ণান বলেন, ‘আমরা মেটাকে সর্বোচ্চ পর্যায়ে এসে কী ঘটেছে তার ব্যাখ্যা দিতে বলেছি।’
তবে ঠিক কোন কর্মকর্তাকে তলব করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
মেটা এর আগে জানিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণেই পোস্টটি ভুলবশত সীমাবদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় নতুন প্রোটোকল চালু করা হয়েছে।
তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মেটা ইন্ডিয়া।
২৩ জুলাই প্রকাশিত মোদীর ওই ভিডিওটি ছিল দেশজুড়ে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে তার প্রথম প্রকাশ্য বক্তব্য। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে ৪০ কোটির বেশি বার দেখা হয়।
বিশ্লেষকদের মতে, বিষয়বস্তু নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারত সরকারের মতবিরোধ নতুন নয়। মেটাকে তলবের এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। উল্লেখ্য, ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারতের বাজারই ফেসবুকের সবচেয়ে বড়।
এমআর/টিএ