বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ছুটি কাটাচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া, ঘুরছেন কোথায়?
ছবি: সংগৃহীত
১০:২৬ এএম | ৩১ জুলাই, ২০২৬
বলিউডের এক সময়ের প্রশংসিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের যে বিচ্ছেদ হচ্ছে না-তা স্পষ্ট হয়েছে এরিমধ্যে; দেশের মাটিতে তাদের একসঙ্গে খুব একটা পাওয়া না গেলেও এবার দুজনের দেখা মিললো বিদেশ বিভূঁইয়ে।
এনডিটিভি জানিয়েছে, অভিষেক-ঐশ্বরিয়ার নুতন যে ছবিটি ইন্টারনেটে ছড়িয়েছে, সেটি তোলা হয়েছে নিউ ইয়র্কে।
লন্ডনে ‘কিং’ সিনেমার শুটিং সেরে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছেন তারা; শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় খল নায়ক হয়ে পর্দায় আসবেন অভিষেক।
কিছুদিন আগে সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকেল’কে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক তাদের সম্পর্কের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেন।
অভিনেতার কথায় উঠে আসে ২০০০ সালের শুরুর দিকে প্রয়াত পরিচালক রাজ কানওয়ারের ‘ধাই অক্ষর প্রেম কে’ সিনেমায় সেটে তাদের প্রথম দেখা হওয়ার গল্প।
তখন তারা খুব ভালো বন্ধু হলেও ঐশ্বরিয়ার সঙ্গেই যে গাঁটছড়া বাঁধা হবে, তা ভাবনাতেও ছিল না বলে অভিষেকের ভাষ্য। তবে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রণয়ে।
কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তারা। অভিষেক-ঐশ্বরিয়ার একটিই মেয়ে, আরাধিয়া বচ্চন।
স্ত্রীর প্রশংসা করে অভিষেক বলেন, “আরাধিয়াকে সঠিক নীতি ও মূল্যবোধ দিয়ে বড় করে তোলার পুরো কৃতিত্ব ঐশ্বরিয়ার। একইসঙ্গে সে আমার সোলমেট। আমাদের ১৯ বছরের বিবাহিত জীবন স্বপ্নের মতো কেটেছে।

“আমাদের ২০তম বিবাহবার্ষিকীর জন্য বড় পরিকল্পনা রয়েছে, তবে এখনই তা বলছি না।”
জুনিয়র বচ্চনের কাছে জানতে চাওয়া হয়, সুখী দাম্পত্যের চাবিকাঠি কী? তিনি মজা করে বলেন, “প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত তিনবার স্ত্রীকে সরি বলা।”
যদিও কিছুদিন আগে ঐশ্বরিয়া বলেছিলেন, তাদের ঝগড়া হলে তিনিই আগে ‘সরি’ বলে বিপত্তি মিটিয়ে নেন।
গেল কয়েক বছর ধরে বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা গেলেও এই জুটি তা উড়িয়ে দিয়েছেন। ‘সাংসারিক দ্বন্দ্বে’ দুবছর ধরে ঐশ্বরিয়া বচ্চনদের বাড়িতে না থাকলেও বিয়েটা টিকিয়ে রেখেছেন তারা দুজনেই।
ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে গুরু’, ‘ধুম ২’, ‘কুচ না কাহো’, ‘রাবণ’, ‘ঢাই অক্ষর প্রেম কে’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
এফআর/এসএন