© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

শেয়ার করুন:
৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ৩১ জুলাই, ২০২৬
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির কয়েক মাস আগেই ছবিটির দুই পর্বের সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

স্বত্বটি কিনে নিয়েছে ভারতের অন্যতম বড় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। হিন্দি সিনেমার ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম বড় অঙ্কের চুক্তি বলে মনে করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্বই এই চুক্তির আওতায় রয়েছে। স্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজের পাশাপাশি ছিল সনি মিউজিকও।

তবে শেষ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে স্বত্ব নিশ্চিত করেছে টি-সিরিজ। জানা গেছে, চুক্তির অর্থ ফেরতযোগ্য অগ্রিম হিসেবে দেওয়া হবে।
এর মধ্য দিয়ে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে আগের একটি আলোচিত রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সংগীতস্বত্ব নিয়ে প্রথমে ৫০ থেকে ৬৫ কোটি টাকার চুক্তির খবর ছড়িয়েছিল।

পরে নির্মাতা পক্ষের সূত্র জানায়, প্রকৃতপক্ষে ওই চুক্তির মূল্য ছিল ৩০ কোটি টাকা। সেই তুলনায় ‘রামায়ণ’-এর ৮০ কোটি টাকার চুক্তি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ নিয়ে দর্শকের মধ্যে ছিল অপেক্ষা ও কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।

ছবিটির অন্যতম আকর্ষণ এর সংগীত। প্রথমবারের মতো একই প্রজেক্টে কাজ করেছেন হলিউডের খ্যাতিমান সুরকার হ্যান্স জিমার ও ভারতের জনপ্রিয় সুরকার এ আর রাহমান। দুই কিংবদন্তি সুরকারের এই সম্মিলিত কাজ ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু থেকেই ছিল ব্যাপক আগ্রহ।

‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে, আর রাবণের ভূমিকায় রয়েছেন যশ। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিংসহ আরও অনেকে।

নির্মাতাদের দাবি, সিনেমাটির পেছনে ব্যয় করা হয়েছে বিশাল বাজেট। ফলে মুক্তির আগেই শুধু সংগীতস্বত্ব থেকে ৮০ কোটি টাকার চুক্তি ছবিটির বাণিজ্যিক সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রেক্ষাগৃহের পাশাপাশি সংগীত ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ‘রামায়ণ’ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটির। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন