কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা, ঘরে রেখে যাওয়া হলো মরদেহ
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ০১ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরে দিয়ে গেছে খুনি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আনোয়ার একই এলাকার এজাহার মিয়ার ছেলে।
নিহতের ভাগ্নে শওকত মোরশেদ জানান, আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কেটে নামাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলায় প্রতিবেশী বাড়ির ওই চোরদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ঘরে গিয়ে বিষয়টি তার মামা মোহাম্মদ তোহাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছার পর চুরির দায়ে অভিযুক্তরা টর্চলাইট দিয়ে তাকে আঘাত ও মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরিবারের সদস্যদের সঙ্গে খুনি আনোয়ার নিহতের লাশ তার ঘরে দিয়ে যান। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
একেএস/টিএ