© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স

শেয়ার করুন:
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স
own-reporter
০৫:৪২ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২০

স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। আগামী অক্টোবরে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে জনপ্রিয় মাল্টিপ্লেক্সটির চুক্তি শেষ হচ্ছে। ইতোমধ্যে বসুন্ধরা শপিং মল ছাড়তে স্টার সিনেপ্লেক্সকে নোটিশ পাঠানো হয়েছে। তবে তাদের অন্য শাখাগুলো চলমান থাকবে।

মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি যে বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। বাড়িওয়ালা যদি নোটিশ দেন চলে যাওয়ার জন্য তাহলে তো ভাড়াটিয়ার আসলে কিছু করার থাকে না। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।

তিনি বলেন, বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৮টি বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি মুখরিত করে রাখতেন আড্ডায়। অনেক অনেক স্মৃতি আসলে। দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকে বুঝতো। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের। কিন্তু কিছু তো আসলে করার নেই।

তিনি জানান, সিনেপ্লেক্সের অন্য যে শাখাগুলো রয়েছে সেগুলোতে সবাইকে আমন্ত্রণ জানাই আমরা। সেখানেও আতিথেয়তা বা আন্তরিকতার অভাব থাকবে না।

২০০৪ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এই সিনেমা হলটি। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি ছিল বসুন্ধরা সিটির। এটি ঢাকাবাসীর তো বটেই, সারাদেশের সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা কুড়িয়েছিল। ১৮ বছর ধরেই বসুন্ধরায় এই সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।

এই মুহূর্তে মহাখালীতে অবস্থিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার (রাইফেল স্কয়ার) শপিংমলে স্টার সিনেপ্লেক্স চালু রয়েছে। মিরপুরের সনি সিনেমা হল ভেঙে যে শপিংমল করা হচ্ছে সেখানেও একটি শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

পাশাপাশি চট্টগ্রাম শহরে ষোলশহর ফিনলে স্কয়ার শপিংমলের সপ্তম তলায় ‘সিলভার স্ক্রিন’ নামেও একটি শাখা চালু আছে স্টার সিনেপ্লেক্সের। শিগগিরই দেশের আরও বেশ কিছু শহরে শাখা চালুর কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন