৫ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
পাবনায় পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে জেলার ভাঙ্গুড়া পৌর সদরে পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
জানা গেছে, অভিযুক্ত আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। লোকজন না থাকার ফাঁকে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বসতবাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, শিশুটির বক্তব্য শুনে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরআই/টিএ