‘বিদ্যুৎ বিল-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করল বিদ্যুৎ বিভাগ
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
‘অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে’ দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছে, তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।’
বিদ্যুৎ বিভাগ জানায়, ‘তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।’
এর আগে সন্ধ্যায় দেওয়া বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়, ‘প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এমআই/টিএ