দেব শুভশ্রীর ‘দেশু ৭’ ঘিরে বাড়ছে কৌতূহল
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে দেব পরিচালিত নতুন ছবি ‘দেশু ৭’। ছবিটির শুটিং যখন পুরোদমে চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুভশ্রী গাঙ্গুলির নতুন লুক। সেই ছবি সামনে আসতেই ছবির গল্প ও চরিত্র নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
জানা গেছে, ‘দেশু ৭’-এ শুভশ্রীকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম ডা. শুভস্মিতা চৌধুরী বলেও শোনা যাচ্ছে। তবে তিনি পেশায় চিকিৎসক, নাকি গবেষণার স্বীকৃতিস্বরূপ ডক্টরেট ডিগ্রিধারী, সেই বিষয়টি এখনো নির্মাতারা স্পষ্ট করেননি।

এদিকে শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির নায়িকার চরিত্রের সঙ্গে রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ থাকতে পারে। অন্যদিকে দেবও নাকি এই ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন। ফলে দুই চিকিৎসককে ঘিরে কী ধরনের গল্প পর্দায় উঠে আসবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। যদিও নির্মাতারা এখনো গল্পের মূল রহস্য গোপনই রেখেছেন।
চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘দেশু ৭’। শুরুতে ছবিটির নাম নিয়ে নানা আলোচনা থাকলেও মহরতের দিন নির্মাতারা নিশ্চিত করেছেন, ‘দেশু ৭’ নামেই মুক্তি পাবে ছবিটি। বর্তমানে ছবির শুটিং চলছে জোরেশোরে।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব। ফলে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তাঁর নতুন যাত্রা ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
এসএ/টিএ