বিমানে ঘুমন্ত নারীকে আপত্তিকর স্পর্শ, পাকিস্তানি যুবকের ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত অবস্থায় এক নারী যাত্রীকে যৌন হয়রানি করে ধরা পড়েছেন এক পাকিস্তানি যুবক। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। একইসঙ্গে ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে ওই পাকিস্তানি যুবককে। এছাড়া, ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। ভুক্তভোগী ওই নারীর নাম ‘বিউট অর্ননিচা’ বলে জানা গেছে। গত ৩ আগস্ট নিজের ফেসবুক পেজে ঘটনাটি জানান এই থাই নারী। ঘটনার দিন তিনি নিজের চার বছর বয়সী মেয়েকে নিয়ে ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন।
ঘটনার বর্ণনায় ওই নারী জানান, দুবাই থেকে ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, কাছাকাছি বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখেছেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও তিনি তখন গুরুত্ব দেননি। পরে মেয়ের পাশে ঘুমিয়ে পড়েন তিনি।
তার দাবি, ঘুম থেকে জেগে তিনি অনুভব করেন, ওই ব্যক্তির হাত তার শরীরের সংবেদনশীল অঙ্গে স্পর্শ করছে। ওই সময় তিনি একটি কম্বল দিয়ে ঢাকা ছিলেন। প্রথমে তিনি বিষয়টি স্বপ্ন বা ভুল অনুভূতি হতে পারে বলে মনে করলেও পরে সন্দেহ বাড়তে থাকে।
নারীটি জানান, তিনি ওই ব্যক্তিকে তার দিকে তাকিয়ে থাকতে এবং ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে দেখেন। ফ্লাইটে ওঠার আগে ঘুমের ওষুধ খাওয়ায় তিনি গভীর ঘুমে ছিলেন বলেও জানান। তার ধারণা, তিনি ঘুমিয়ে থাকার সময়ই ওই ব্যক্তি তাকে স্পর্শ করা শুরু করেন এবং মাঝপথে তার ঘুম ভেঙে যায়।
অবতরণের প্রায় ৯০ মিনিট আগে তিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ঘটনাটি জানান। পরে ওই কর্মী অভিযুক্ত পাকিস্তানি যাত্রীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন। ফেসবুক পোস্টে এমনটিই বলেছেন ভুক্তভোগী নারী। পরে ওই যুবক কাঁদতে কাঁদতে বারবার ক্ষমা চান। তবে, ওই নারী বিষয়টি মীমাংসা না করে ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশ ডাকেন।
গত ৫ আগস্ট দেওয়া এক আপডেটে তিনি জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ তাকে জানিয়েছে যে অভিযুক্ত পাকিস্তানি যুবককে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার থাইল্যান্ডে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এসএ/এসএন