মিরপুর ১১ নম্বরে প্রাইভেট কারে এসে বিএনপি নেতাকে গুলি
ছবি: সংগৃহীত
০৯:৪৫ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আলমগীরঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (লালবাগ–নবাবগঞ্জ রোড) ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে। তবে প্রাথমিক তথ্যে তিনি বিএনপির কর্মী বলে জানা যায়।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মো. আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্পের একটি দোকানে চা খাওয়ার সময় একটি প্রাইভেটকারে এসে ৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে গুলি লেগেছে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে মিরপুর-১১ নম্বর সেকশনে একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মিরপুর এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরআই/টিএ