শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য বরণ করে নেব: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
০১:০৬ পিএম | ০৮ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—সেটিই প্রশ্ন। যে বক্তব্যটি শোনানো হয়েছে, সেটি তার নিজের বক্তব্য, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি যদি বেঁচে থাকেন, তাহলে দেশে ফিরে আসুন। আমরা তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য বরণ করে নেব।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অতিথি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের জাতীয় অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সামনে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তারা সচিবালয় ঘেরাওয়ের নামে মব তৈরি করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ফেরার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই তৈরি করে দিচ্ছেন। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, আমরা সবাই মিলে কালীগঞ্জের উন্নয়ন করতে চাই। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এএনএম জোবায়ের এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ অন্যান্য নেতারা।
এমআর/টিএ