আরশ খানের বেয়াদবি নিয়ে মুখ খুললেন তাসনুভা তিশা
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ০৮ আগস্ট, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও তাসনুভা তিশাকে দীর্ঘদিন ধরে একসঙ্গে পর্দায় দেখা যায় না। একসময় তাদের নাটক দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। তাই হঠাৎ এই জুটির কাজ কমে যাওয়ার কারণ নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। এবার সেই দূরত্বের কারণ নিয়ে মুখ খুলেছেন তাসনুভা তিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারের সূত্রে বেশ কিছু গণমাধ্যম তিশার বরাতে সেই খবর প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, অভিনেত্রী তিশা জানিয়েছেন- আরশের সঙ্গে একাধিকবার মনোমালিন্য হয়েছিল তার। একপর্যায়ে আরশের আচরণে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কাজ বন্ধ করে দেন তিনি।
তিশার ভাষায়, ‘আরশের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। যে কারণে ওর সঙ্গে কাজ করা বন্ধ রেখেছিলাম। ও আমার সঙ্গে বেয়াদবি করেছিল। কী হয়েছিল জানি না। অনেক দিন ধরে আমাদের দেখা বা ফোনেও সেভাবে কথা হয়নি।’
তবে সম্পর্কের সেই দূরত্ব পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলেও জানান তিশা। তার দাবি, মাঝে মাঝে মেসেজে কথা হলে আরশকে কাজের স্বার্থে নিজেদের বোঝাপড়া ঠিক করার কথা বলেছিলেন তিনি।

তিশা বলেন, ‘কাজের খাতিরে আমাদের বোঝাপড়া ঠিক করে নেওয়া দরকার। কারণ দর্শকেরা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন।’
আরশের সঙ্গে বর্তমানে নিয়মিত যোগাযোগ না থাকলেও অভিনেতার অভিনয়ের প্রশংসা করেছেন তিশা। তিনি জানান, আরশের অভিনয় তার ভালো লাগে এবং সময়ের সঙ্গে একজন অভিনেতা হিসেবে আরশের যথেষ্ট উন্নতি হয়েছে।
তিশার ভাষায়, ‘ওর অভিনয় ভীষণ ভালো লাগে। আরশের সঙ্গে প্রথম কাজ এবং দুই বছর পর যখন আবার ওর সঙ্গে কাজ করলাম, তখন দেখলাম একজন অভিনেতা হিসেবে কতটা উন্নতি করেছে। সে আসলেই দারুণ অভিনয় করে।’
একসময় আরশ খান ও তাসনুভা তিশাকে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে একসঙ্গে দেখা গেছে। তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘অভিনয় নয়’, ‘আপন মানুষ’, ‘কেউ একজন তুমি’, ‘১৬ আনা প্রেম’ ও ‘অভিনয়ের সংসার’।
জনপ্রিয় এই জুটির পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই এখন তাদের ভক্তদের আগ্রহের বিষয়।
কেএন/টিএ