মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও মন গলে না পঙ্কজ ত্রিপাঠীর
ছবি: সংগৃহীত
০৫:৩৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক অভিনেতার কাছেই পারিশ্রমিক হয়ে ওঠে কাজ বেছে নেওয়ার অন্যতম মাপকাঠি। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম পঙ্কজ ত্রিপাঠী।
মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও গল্প মনে না ধরলে সেই ছবিতে অভিনয় করতে রাজি নন তিনি। অর্থ উপার্জনের চেয়ে এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ অভিনয়ের আনন্দ, সৃজনশীল তৃপ্তি এবং ভালো কাজের অংশ হওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ বেছে নেওয়ার দর্শন নিয়ে এমনটাই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছেন পঙ্কজ।
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি। এখন কোনো সিনেমায় যুক্ত হওয়ার আগে গল্পটি তাকে ব্যক্তিগতভাবে কতটা আকৃষ্ট করছে, সেটিই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, “কোনো ছবির জন্য আমার মধ্যে আগ্রহ তৈরি না হলে, সেই ছবিতে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়।”
তার মতে, পারিশ্রমিকের অঙ্ক এখন আর কাজ বেছে নেওয়ার প্রধান বিষয় নয়। বরং গল্পে এমন কিছু থাকতে হবে, যা তাকে আনন্দ দেবে কিংবা সমাজের জন্য ইতিবাচক কিছু করার সুযোগ তৈরি করবে।
এ কারণেই এখন অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অভিনেতা। এমনকি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও গল্প পছন্দ না হলে সরে দাঁড়ান। তবে কাউকে সরাসরি না বলাটা যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন তিনি।
কারণ, একজন পরিচালক অনেক প্রত্যাশা নিয়ে যখন কোনো কাজের প্রস্তাব দেন, তখন তাকে ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। কখনো কখনো পরিচালকের ক্যারিয়ারও সেই সিনেমার ওপর নির্ভর করতে পারে। তবু শেষ পর্যন্ত নিজের পছন্দকেই প্রাধান্য দেন পঙ্কজ।
অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না তার। তখন কাজ পাওয়াই ছিল সবচেয়ে বড় বিষয়। সংসার চালানো, পারিশ্রমিক দিয়ে প্রয়োজন মেটানো কিংবা ছোটখাটো স্বপ্ন পূরণের জন্য যেকোনো কাজের প্রস্তাবই গ্রহণ করতে হতো। এমনকি নিজের একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতেও তখন কাজের সুযোগকে বড় করে দেখতেন তিনি।
অভিনেতার ভাষায়, ‘কর্মজীবনের শুরুর সময়টা ছিল আমার টিকে থাকার সময়। তখন জীবনে টিকে থাকার লড়াইটাই ছিল প্রধান। কিন্তু সেই পর্যায় পেরিয়ে আসার পর কাজের প্রতি চাহিদাও বদলেছে। এখন আর শুধু অর্থ উপার্জনের জন্য অভিনয় করতে চাই না।’
এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজের চলচ্চিত্র সংস্করণ ‘মির্জাপুর : দ্য মুভি’। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসাও পেয়েছে। বিশ্বব্যাপী ছবিটির আয় ৩৫০ কোটি রুপিরও বেশি বলে জানা গেছে। অন্যদিকে অদিতি রাও হায়দারির সঙ্গে রোম্যান্টিক কমেডি ‘পারিবারিক মনোরঞ্জন’-এও অভিনয় করেছেন তিনি।
এসএ/