প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই
ছবি: সংগৃহীত
০৪:৫৯ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ভারতের নন্দিত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি স্বামী ও প্রযোজক জয়ন্ত মুখার্জি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভারতীয় একাধিক গণমাধ্যমে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন মৌসুমী ও জয়ন্তের মেয়ে মেঘা মুখোপাধ্যায়।
মেঘা জানান, অসুস্থতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন জয়ন্ত। দীপাবলির প্রথম দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। গত ১১ নভেম্বর চিকিৎসকের পরামর্শ নিতে আবার হাসপাতালে যান তারা। তখন তার ফুসফুসের সংক্রমণ তীব্র ছিল। বয়সের কারণেও চিকিৎসা নিয়ে কিছুটা ঝুঁকি ছিল।
মেঘা আরও জানান, ফুসফুসের সংক্রমণের পাশাপাশি জয়ন্তের টাইফয়েডও ধরা পড়েছিল। তবে শারীরিক পরিস্থিতি সামলে গত ৬ নভেম্বর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবারের সঙ্গে দীপাবলিও উদ্যাপন করেন। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবার অবনতি হয় তাঁর শারীরিক অবস্থার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো তীব্র যন্ত্রণা বা কষ্ট ছাড়াই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন জয়ন্ত।
বিনোদনজগতের সঙ্গে যুক্ত থাকলেও প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করতেন জয়ন্ত। চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় আগ্রহ ছিল তাঁর। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজকও ছিলেন জয়ন্ত।
মৌসুমী ও জয়ন্তের দাম্পত্যজীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। অল্প বয়সেই বিয়ে হয়েছিল অভিনেত্রীর। চলতি বছর এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বাগ্দান সম্পন্ন হয়। এর কিছুদিন পর বিয়ে। বিয়ের পর জয়ন্তের সঙ্গে মুম্বাইয়ে চলে যান তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর হিন্দি সিনেমায় কাজের অধ্যায়।
এই দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে পায়েল মুখোপাধ্যায় ২০১৯ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মেয়েকে হারানোর শোকের পর এবার স্বামীকেও হারালেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে আবারও কঠিন সময়ের মুখোমুখি হলেন এই অভিনেত্রী।
এসএ/