আমি এখন আর অভিনয় করি না, ধার্মিক হয়ে গিয়েছি: হাসান মাসুদ
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ সম্প্রতি ধর্মীয় মূল্যবোধ ও জীবনধারায় বড় পরিবর্তনের কথা জানিয়ে অভিনয় জগত থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছেন। হজ পালনের পর নিজের ভেতরের এই পরিবর্তন এবং বর্তমান নাটকের মান নিয়ে তিনি খোলামেলা মতামত প্রকাশ করেছেন।
পবিত্র হজ পালনের পর থেকে তার জীবনের দৃষ্টিভঙ্গিতে গভীর পরিবর্তন এসেছে। তিনি এখন ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিচ্ছেন এবং পুরোপুরি ধার্মিক জীবনযাপন করছেন। এ কারণে তিনি সাধারণ নাটক বা সিনেমায় অভিনয় করা বন্ধ করে দিয়েছেন। তবে উপযুক্ত মনে হলে মাঝেমধ্যে শুধু বিজ্ঞাপনে কাজ করছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গিয়েছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি আর নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’

বর্তমান নাটকের মান নিয়ে তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তার মতে, আজকাল মানসম্মত বা গভীর বার্তাভিত্তিক কনটেন্টের বেশ অভাব রয়েছে।
নাটক বা বিনোদনমূলক কাজগুলোতে শুধু দর্শককে হাসানোর একটিমাত্র উদ্দেশ্যই বেশি প্রাধান্য পাচ্ছে, যা কাজের মানকে সীমিত করে ফেলছে। হাসান বলেন, ‘আজকাল কোন ভালো কনটেন্ট নেই। মানুষকে শুধু হাসবে, শুধুমাত্র এই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়।’
হাসান মাসুদ, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে সামরিক জীবন শুরু করেন এবং পরবর্তীতে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি সাংবাদিকতায় যুক্ত হন এবং 'ডেইলি স্টার' ও 'বিবিসি বাংলা'-তে কাজ করেন।
পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' সিনেমা এবং জনপ্রিয় ধারাবাহিক '৬৯' নাটকে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন। বিশেষ করে তার সহজাত ও রসাত্মক অভিনয়ের জন্য তিনি বিটিভি ও টিভি নাটকের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত ও ভালোবাসার মুখ হয়ে ওঠেন।
এসএ/এসএন